নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে তার দল আন্তরিকভাবে সহযোগিতা করছে। রবিবার (২০ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “আমরা সকল বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি।”
আজকের সংলাপে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের অন্যান্য প্রতিনিধির মধ্যে ছিলেন সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সংলাপটি অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত কমিশনের সঙ্গে প্রথম দফার সংলাপে অংশ নেয় বিএনপি। ওই আলোচনায় মধ্যাহ্নভোজের বিরতিও ছিল।
অন্তর্বর্তী সরকার পরিচালিত জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও একটি অংশীদারিত্বমূলক সংস্কার কাঠামো গঠনের লক্ষ্যে গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ১৩টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুগুলোতে একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।











