ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কল্যাণপুরে জঙ্গি অভিযান: সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

প্রকাশিত: 7 May 2025, 1:26 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গি আস্তানায় ২০১৬ সালে পরিচালিত অভিযানের ঘটনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজন সাবেক পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ঘটনাটি নিয়ে অভিযোগ রয়েছে, কল্যাণপুরের জাহাজবিল্ডিং নামের একটি ভবনে জঙ্গি অভিযানের নামে একটি সাজানো নাটক পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযানে নয়জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এ ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি জড়িত।

এই অভিযোগের ভিত্তিতে গঠিত মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি অনুষ্ঠিত হচ্ছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৬ মার্চ এই মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে গ্রেপ্তার দেখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আইন প্রয়োগের নামে মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

ঘটনার পর থেকে দীর্ঘদিন এই ইস্যু নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা, পরিবার ও রাজনৈতিক সংগঠন অভিযোগ করে আসছিল। সর্বশেষ আনুষ্ঠানিক মামলার ভিত্তিতে এই তিন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

মন্তব্য করুন