ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা: রিমান্ড শেষে টিনা কারাগারে

প্রকাশিত: 12 May 2025, 9:15 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ফারিয়া হক ওরফে টিনা-কে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ মে) তিন দিনের রিমান্ড শেষে টিনাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এর আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার (৯ মে), ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম টিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ মে রাত ৮টায় ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টিনার নাম উঠে আসে গ্রেপ্তার আসামি মাহাদী হাসান-এর স্বীকারোক্তিতে, যিনি তাকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে উল্লেখ করেন।

মামলার তদন্ত কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তে টিনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। বর্তমানে প্রধান আসামিসহ ৬ জন কারাগারে রয়েছে।

পারভেজ হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির, গত ২০ এপ্রিল বনানী থানায়। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ২০-৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

এর আগে গত ১৯ এপ্রিল, পারভেজ বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হাসাহাসি করায় আসামিরা এর কারণ জানতে চায়। শুরু হয় তর্কাতর্কি, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরের হস্তক্ষেপে সাময়িকভাবে মীমাংসা হয়।

তবে বিকাল ৪টা ৪০ মিনিটে আসামিরা অস্ত্রসহ হামলা চালায় পারভেজ ও তার বন্ধুদের ওপর। চুরি, চাকু, চাপাতি ও লাঠির আঘাতে গুরুতর আহত হন পারভেজ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নির্মম ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মন্তব্য করুন