আঞ্চলিক সহযোগিতায় সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগে আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘সমন্বিত অর্থনৈতিক কৌশল’ গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকায় এক সৌজন্য সাক্ষাতে নেপালের ফেডারেল পার্লামেন্টের ডেপুটি-স্পিকার ইন্দিরা রানার সঙ্গে আলোচনা শেষে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে সমন্বিতভাবে কাজ করলে আঞ্চলিক উন্নয়ন দ্রুততর হবে।”

বৈঠকে তিনি ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির লক্ষ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় আকারে বিদ্যুৎ সহযোগিতার কথা বলেন।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রংপুরে নির্মাণাধীন ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি নেপাল ও ভুটানের নাগরিকদের জন্যও উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।

শিক্ষা খাতে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে ইন্দিরা রানা জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ২৭০০ নেপালি শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যাদের অধিকাংশই মেডিকেল শিক্ষার্থী।

বাণিজ্য ও জনগণের চলাচল সহজ করতে নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উন্নয়নের ওপরও গুরুত্ব দেন উভয়পক্ষ।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসরাত জাহান।