ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

৫৮৭ দিনের বিলম্ব মঞ্জুর করে ডা. জোবাইদা রহমানের আপিল গ্রহণ করল হাইকোর্ট

প্রকাশিত: 13 May 2025, 7:55 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আপিল দায়ের করতে দেরি হওয়ায় তিনি ৫৮৭ দিনের বিলম্ব মার্জনার আবেদন করেন, যা হাইকোর্ট মঙ্গলবার (১৩ মে) মঞ্জুর করেছে।

বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে জোবাইদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, “সাজার বিরুদ্ধে আমরা আপিল করেছি। পাশাপাশি ৫৮৭ দিনের বিলম্বের ব্যাখ্যা দিয়েছি, যা আদালত গ্রহণ করেছেন।”

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ২০২৩ সালের ২ আগস্ট এই মামলায় তারেক রহমানকে ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

তবে ওই রায়ের পর ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর জোবাইদার সাজার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে পাড়ি জমান জোবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে দেশে ফিরে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন তিনি। দেশে ফিরে তিনি এই মামলার আপিল এবং বিলম্ব মার্জনার আবেদন করেন।

মন্তব্য করুন