নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য পরিবহনব্যবস্থা আরও নিরাপদ, পরিবেশবান্ধব ও সুবিধাজনক করতে বৈদ্যুতিক শাটল কার পরিষেবা চালু করা হয়েছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহায়তায় এই পরিষেবা চালু করা হয়েছে।
পরিষেবাটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং চারটি বৈদ্যুতিক শাটল কার ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত রুটে যাতায়াত করবে।
শাটল কারগুলোর প্রতিটি গাড়িতে ১৪ জন আসনসংখ্যা রয়েছে এবং যাত্রীদের সহায়তার জন্য থাকবে একজন করে স্বেচ্ছাসেবক। যাত্রাপথ অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ ও ২০ টাকা।
প্রাথমিক পর্যায়ে চারটি নির্দিষ্ট রুটে এই সেবা চালু হলেও ভবিষ্যতে রুট সংখ্যা ও গাড়ির সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি টেকসই পরিবেশগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











