নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) শর্ত ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য হস্তান্তর করায় নির্বাচন কমিশন (ইসি) তাদের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।
রবিবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) একটি।”
হুমায়ুন কবীর আরও জানান, “২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুযায়ী, বিসিসিকে কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা পক্ষকে হস্তান্তর, বিনিময় বা বিক্রয় করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু বিসিসি এই শর্ত লঙ্ঘন করেছে।”
তিনি বলেন, “এ বিষয়ে ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। পরে ৬ অক্টোবর আরও একটি চিঠি দেওয়া হয়, যাতে ৩ কার্যদিবসের মধ্যে উত্তর দিতে বলা হয়েছিল। তবে, বিসিসির দেওয়া জবাব কমিশনের কাছে সন্তোষজনক হয়নি।”
এছাড়া, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ফি বা চার্জ পরিশোধ না করায় চুক্তি বাতিলযোগ্য ছিল, যা কমিশন বিবেচনা করেছে। এর ফলস্বরূপ, গত শুক্রবার নির্বাচন কমিশন বিসিসির সঙ্গে থাকা চুক্তিটি বাতিল করেছে এবং তাদের দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া, বিসিসিকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, ১৫ দিনের মধ্যে তাদের সব পাওনা পরিশোধ করতে হবে।











