নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রবিবার (১৮ মে) সকাল থেকে নগরভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ফটক আটকে দেন, ফলে সেবাগ্রহীতারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। বিক্ষোভকারীরা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে শপথ দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’— এমন নানা স্লোগানে নগর ভবন প্রাঙ্গণ প্রকম্পিত করে তুলেছেন।
এর আগে, শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। ব্যারিস্টার তাপস প্রভাব খাটিয়ে মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে আমরা সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের রায় পেয়েছি।”
তিনি অভিযোগ করেন, গেজেট প্রকাশের পরও ২০ দিন পেরিয়ে গেলেও তাকে শপথ করানো হয়নি। “আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত,”— বলেন বিএনপির এই নেতা।
সমর্থকদের দাবি, আদালতের রায়ের আলোকে ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত করা অযৌক্তিক ও অগণতান্ত্রিক। তারা দ্রুত শপথ অনুষ্ঠানের তারিখ ঘোষণার আহ্বান জানান।











