হিটলু বাবু গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মাটিকাটা এলাকায় বিশেষ অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এই তথ্য জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে।
অভিযানে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার, ২৮ রাউন্ড গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। অবশেষে সোমবার দিবাগত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার এড়াতে গ্যাং সদস্যরা সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা করলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হলে তাদের আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা এই সফল অভিযানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ ও স্বস্তি প্রকাশ করেছেন। আইএসপিআর-এর বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে সংশ্লিষ্ট সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।
