ভাঙ্গায় ওভারটেক করতে গিয়ে বাস খাদে পড়ে আহত অন্তত ২০

জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ‘ইকরা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই বাসে ৪০-৫০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাসের ভেতর আটকে পড়া যাত্রীদেরও উদ্ধার করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো. রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী চরঘাট গ্রামের বাসিন্দা মোশাররফ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০-২২ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসটি উদ্ধারের প্রক্রিয়াও শুরু হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।