দেশজুড়ে সামান্য তাপমাত্রা বৃদ্ধি, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে জানানো হয়, দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।