রিট খারিজ, শপথ নিতে বাধা নেই ইশরাকের
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ আদালতে রিটটি দাখিল করেছিলেন। আদালত রায়ে উল্লেখ করেছে, রিটটি ‘নট মেইনটেইনঅ্যাবল’ অর্থাৎ গ্রহণযোগ্য নয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন কোর্ট অফিসার হিসেবে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে সেই ফল বাতিল করে গত ২৭ মার্চ বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে তাকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। তবে এখনও তার শপথ গ্রহণ হয়নি।
