হত্যাসহ একাধিক মামলায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
জেলা প্রতিনিধি :
হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে আদালতে আনা হয়।
আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের সময় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর নিহতদের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।
এছাড়া তার নির্বাচনি এলাকা হরিরামপুরে রাজনৈতিক সহিংসতার অভিযোগে মারামারি ও ভাঙচুরের আরেকটি মামলা রয়েছে, যেটি দায়ের করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এবং আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে।
সিঙ্গাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। অন্যদিকে হরিরামপুর থানার মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে, ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা আরও কয়েকটি হত্যা মামলায় তিনি চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
