নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে তারা সেখানে অবস্থান নিলে পুরো শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং জনদুর্ভোগ।
এর আগে বুধবার ছাত্রদল জানায়, সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
সকাল ১০টার দিকে হঠাৎ শুরু হয় ভারী বৃষ্টি। তবে তীব্র বৃষ্টিও পিছু হটাতে পারেনি আন্দোলনকারীদের। বৃষ্টির মধ্যেই রাস্তার ওপর বসে তারা আন্দোলন চালিয়ে যেতে থাকেন এবং একের পর এক স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মোড়। তারা বলেন, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “সাম্য হত্যার বিচার চাই”, “আর চাই না এনএসআইয়ের প্রক্টর”, “ক্যাম্পাসে লাশ ঝোলে, প্রক্টর কী করে”।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতারা। রাকিবুল ইসলাম বলেন, প্রশাসন এখনও পর্যন্ত সাম্য হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। মামলাটি পুলিশের পর ডিবিতে গেলেও সন্তোষজনক অগ্রগতি নেই। এটি সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, সাম্য ছিলেন জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। তাকে প্রকাশ্যে হত্যার পরও প্রশাসনের এই ব্যর্থতা প্রশ্ন তোলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর। এর আগে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছিল। এখন সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এই ন্যায়বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করছি।
অবরোধের কারণে শাহবাগ, বাংলামোটর, মৎস্যভবন, কারওয়ান বাজার এবং রমনা এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচলের চেষ্টা করলেও নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। আন্দোলনকারীরা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।











