জুলাই গণঅভ্যুত্থান: শহীদ ও আহতদের পুনর্বাসনে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র ও জনতার কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে প্রণীত ‘অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিষয়টি বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী নিশ্চিত করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে উত্থাপিত এ খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অধ্যাদেশের মাধ্যমে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করা হবে।

বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে:

দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উত্থাপিত খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ-নেদারল্যান্ড নৌ প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) — এটি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সরকারি অধ্যাদেশ (সংশোধন), ২০২৫ — লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ — এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দফাওয়ারি সুচিন্তিত মতামত দিয়ে পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই বৈঠককে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক প্রস্তুতি ও সংস্কার-ভিত্তিক অগ্রগতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।