ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কাজের সন্ধানে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

প্রকাশিত: 24 May 2025, 2:43 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কাজের সন্ধানে ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর আন্তর্জাতিক পিলারের পাশে বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত আসা ব্যক্তিরা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া, কামালপুর, নেওয়াশী, ভাঙ্গামোড় এবং নাগেশ্বরীর গোপালপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ১২ জন নারী, ৮ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে।

ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম (২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩ নম্বর ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য এবং বিজিবি ও বিএসএফের মোট ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের পুশ-ইন চেষ্টার বিষয়ে আগাম তথ্য পেয়ে সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি। পরে বিএসএফ ২৪ জনের একটি তালিকা দেয় এবং তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বিজিবি গ্রহণ করে। যথাযথ প্রক্রিয়া শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মেজর হাসনাইন বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে আমরা ২৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

মন্তব্য করুন