দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলার হুঁশিয়ারি উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনে যদি পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এক অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব—নির্বাচন, সংস্কার ও বিচার—সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, ‘এই দায়িত্বগুলো পালনকালে বিভিন্ন সময়ে অযৌক্তিক দাবি, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক কাজের পরিবেশে ব্যাঘাত ঘটানো হচ্ছে। এতে জনগণের মাঝে সন্দেহ ও বিভ্রান্তি ছড়াচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশে স্থিতিশীলতা বজায় রাখা, স্বচ্ছ নির্বাচন, কার্যকর বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে বৃহত্তর রাজনৈতিক ঐক্য জরুরি। এ লক্ষ্যে সরকার সকল রাজনৈতিক দলের মতামত শুনবে এবং নিজেদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরবে।’

উপদেষ্টা পরিষদ হুঁশিয়ারি দিয়ে জানায়, ‘যদি পরাজিত গোষ্ঠীর উসকানি বা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলার চেষ্টা হয়, তবে সরকার সব তথ্য জনসমক্ষে উপস্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ‘জুলাই অভ্যুত্থানের’ জনপ্রত্যাশাকে ধারণ করে চলছে এবং সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের স্বকীয়তা ও কার্যক্রমে যেকোনো ধরনের বাধা অর্পিত দায়িত্ব পালনে জটিলতা সৃষ্টি করবে বলেও উল্লেখ করা হয়।