হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভী ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৫ মে) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই আদেশ দেন। পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করলেও আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর হয়।
এর আগে গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। এরপর তাকে জেলা সিনিয়র ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
