আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের সাবেক নেতা শাকিল আলম বুলবুলকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
রবিবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৭ দিনের মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে হবে। পরবর্তী আদেশের জন্য আগামী ৩ জুন দিন ধার্য করা হয়েছে।
৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগে এই মামলা দাখিল হয়। অভিযোগের সূত্রপাত জুলাই মাসের একটি গণঅভ্যুত্থানের প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে। একটি ভাইরাল অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়:
“আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।”
এই বক্তব্যের ফরেনসিক যাচাই করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সত্যতা নিশ্চিত করে।
এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৫ মে’র মধ্যে লিখিত জবাব চায়। কিন্তু কোনো জবাব না পাওয়ায় ২৫ মে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন।
তিনি বলেন, “আসামিরা জবাব দেননি, হাজিরও হননি। বিজ্ঞপ্তিতে যেন তাদের ৭ দিনের সময় দেওয়া হয়। হাজির না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হোক।”
এরপর ট্রাইব্যুনাল একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে।
