জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান খালাস
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ শুনানিতে বলেন, “ভিকটিম নিজেই মামলা করেননি, এটি ছিল পুলিশের অতিরিক্ত আগ্রহ। ৯০ বছর বয়সী শফিক রেহমানকে রিমান্ডে নেওয়া হয়েছিল, অথচ মামলায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই।” তিনি আরও বলেন, মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. খলিলুর রহমান বলেন, “এটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা। তিনি (শফিক রেহমান) একজন খ্যাতিমান সাংবাদিক, খালাস দিলে আপত্তি নেই।”
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান পল্টন থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপি ও জোটের কিছু নেতা দেশ-বিদেশে জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২3 সালের ১৭ আগস্ট ঢাকার একটি আদালত তাদের সাত বছরের কারাদণ্ড দেন।
তবে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান ভূঁইয়ার সাজার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন জামিনে মুক্তি পান শফিক রেহমান।
এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি মাহমুদুর রহমানকেও খালাস দেওয়া হয়।
