কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। মঙ্গলবার (২৭ মে) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা অধিদপ্তরের ১৪তম ব্যাচের ডেপুটি জেলার ও ৬২তম ব্যাচের কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উপদেষ্টা জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারমুখী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কারাগার ব্যবস্থাপনাকে আধুনিক ও মানবিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের মাধ্যমে বন্দিদের প্রশিক্ষণ ও আয় করার সুযোগ করে দেওয়া হবে, যা তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, কারারক্ষীরা কারা ব্যবস্থাপনার মূল চালিকাশক্তি এবং তাদের মধ্যে সততা, দেশপ্রেম ও পেশাদারিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন ডেপুটি জেলার ও কারারক্ষীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।”
সরকার আন্তর্জাতিক মানের কারা ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক নিরাপত্তা সরঞ্জামাদি যেমন মোবাইল জ্যামার, ইন্টারনেট, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার ও সার্কিট ডিটেক্টর স্থাপন করছে। এছাড়া ‘বাংলাদেশ জেল মেডেল’ প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডেপুটি জেলার মোছাঃ খাদিজা খাতুন লিমা সর্বোচ্চ স্থান অধিকার করেন এবং ডিএম নুসরাত আল ইসলাম ‘বেস্ট ফায়ারার’ নির্বাচিত হন। ৬২তম ব্যাচের মধ্যে সুব্রত চন্দ্র সরকার প্রথম ও রায়হান মিয়া ‘বেস্ট ফায়ারার’ হিসেবে স্বীকৃতি পান।
উপদেষ্টা পরবর্তীতে রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
