হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি, ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ১৭৭টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৬৮ হাজার ২৮০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন। তবে দুঃখজনকভাবে মক্কা ও মদিনায় এ পর্যন্ত মারা গেছেন ১২ জন হজযাত্রী।

বুধবার প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এ সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯২টি ফ্লাইটে গেছেন ৩৫ হাজার ২৪৬ জন, সৌদি এয়ারলাইনসের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী।

মারা যাওয়া ১২ জনের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। ছয়জন মক্কায় এবং ছয়জন মদিনায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, চলবে ১০ জুলাই পর্যন্ত।