নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ মে) থেকে এ কর্মসূচি কার্যকর হবে।
বুধবার (২৮ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর। তিনি জানান, এই অধ্যাদেশকে ‘কালো আইন’ হিসেবে আখ্যায়িত করে সরকারকে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বাদিউল কবীর বলেন, “আমরা ইতোমধ্যে সরকারের বিভিন্ন স্তরে বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের দাবি যুক্তিসঙ্গত, এবং এর কুফল সম্পর্কে অনেকেই সচেতন হয়েছেন।” তিনি জানান, গতকাল সচিবালয়ে সাতজন সচিবের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় আজ মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে তারা আলোচনায় বসেন।
তিনি আরও জানান, আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক এবং প্রধান উপদেষ্টার দেশে ফেরার পর শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা রয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিসি অফিসসহ সব দপ্তরে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি চলবে।
জরুরি সেবা খাতের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নিজেদের বিবেচনায় কর্মবিরতির সময় কমিয়ে নিতে পারেন, তবে সেটি যেন আধা ঘণ্টার বেশি না হয়।”
বাদিউল কবীর জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এ বিষয়ে সমাধান চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।











