নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক সংস্কার, রেলপথ উন্নয়ন ও শিক্ষাবৃত্তির লক্ষ্যে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান।
শুক্রবার (৩০ মে) টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছায় দুই দেশ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সহায়তার মধ্যে রয়েছে—বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য ৪১ কোটি ৮০ লাখ ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন।
এছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪ কোটি ৪১ লাখ ডলার, এবং শিক্ষাবৃত্তির জন্য ৪০ লাখ ২০ হাজার ডলার অনুদান দেবে জাপান।
টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বাংলাদেশের শান্তিপূর্ণ রূপান্তর, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা ও রাষ্ট্রগঠন প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইশিবা বাংলাদেশের টেকসই উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম, বিশেষ করে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় ও সহায়তার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে জাপানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়ন ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।










