বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ গড়তে চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ও চীন সরকার।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই খাতে বিনিয়োগ করে আপনারা বাংলাদেশকে একটি উৎপাদন-নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করতে ভূমিকা রাখতে পারেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ জনশক্তি দক্ষ, কর্মঠ এবং কাজের জন্য প্রস্তুত।” তাই এই মানবসম্পদকে কাজে লাগিয়ে শিল্পায়নের সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এতে অংশ নিয়েছেন চীনের প্রায় ১০০ কোম্পানির ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী।

আয়োজকেরা জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো—বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা, বাজার বিশ্লেষণ এবং যৌথ উদ্যোগ গঠনের উপায় নিয়ে আলোচনা।