নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টির কারণে টিলা ধসে শিশুসহ একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই উপজেলার লাক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার বাসিন্দা।
রবিবার (১ জুন) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) এবং ছেলে আব্বাস উদ্দিন (১৩)।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, পরিবারটি দীর্ঘদিন ধরে একটি টিলার নিচু ঢালে বসবাস করছিল। টানা ভারী বৃষ্টির ফলে টিলার একটি বড় অংশ ধসে পড়লে তাদের বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং তারা চারজনই চাপা পড়ে প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের ধারণা, টানা বৃষ্টিতে টিলার গঠন দুর্বল হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই ওই এলাকার ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।











