জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির পোলিং এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রায় সাড়ে ছয় বছর পর সোমবার (২ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী খলিলুর রহমান।
মামলায় আরও আসামি করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহিদ হাসানসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে। মামলার বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী গ্রামের বাসিন্দা এবং বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটের দিন লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেছারিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। এর আগের দিন, ২৯ ডিসেম্বর সন্ধ্যায় জাতীয় পার্টির নেতারা খলিলুর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দেন— ভোটকেন্দ্রে গেলে ‘লাশ হয়ে ফিরতে হবে’ বলে জানানো হয়।
তবুও খলিলুর রহমান দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে যান। অভিযোগে বলা হয়, সেদিন দুপুর সাড়ে ১১টার দিকে জিএম কাদের ও শেরিফা কাদেরের নির্দেশে একদল ব্যক্তি তাকে কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে মারধর ও গালিগালাজ করেন।
মামলায় বলা হয়েছে, ঘটনার সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় পুলিশ অভিযোগ নেয়নি। স্বৈরশাসনের ভয়ে দীর্ঘ সময় মামলা করা সম্ভব হয়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে মারধর, জখম, হত্যাচেষ্টা এবং হুকুমদানের অভিযোগে মামলা রেকর্ড হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
