বৃষ্টি-ভোগান্তির মধ্যেই শুরু হচ্ছে ঈদযাত্রা, তাপমাত্রা বাড়ার শঙ্কা ঈদের পর

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৫ জুন) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে দশ দিনের সরকারি ছুটি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে মানুষ ইতোমধ্যেই রাজধানী ছাড়তে শুরু করলেও ঈদযাত্রার মূল স্রোত শুরু হবে ছুটির প্রথম দিন থেকেই।

তবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, গত কয়েকদিনের মতো চলমান বৃষ্টিপাত ভোগান্তির ইঙ্গিত দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এখনো মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে, যা ঈদযাত্রার পরিকল্পনায় বিঘ্ন ঘটাতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে ৩ জুন থেকে শুরু করে ঈদের দিন (৭ জুন) পর্যন্ত বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের অন্য অঞ্চলগুলোতেও বজ্রসহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।

তবে আশার কথা, ঈদের দিন থেকে তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ঈদের পরবর্তী যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে।

এদিকে, খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল (২ জুন) সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও ঈদের পর আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।