ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ করলেন সালাহউদ্দিন

প্রকাশিত: 3 June 2025, 3:25 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহিদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম। এছাড়া আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

সকাল ১১টায় সালাহউদ্দিন আহমদ বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগপত্র হস্তান্তর করেন।

সালাহউদ্দিনের দাবি, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যান। সে সময় তিনি বিএনপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা হয় তার বিরুদ্ধে। তবে ২০১৮ সালে নিম্ন আদালতে এবং ২০২৩ সালে আপিল আদালতেও তিনি খালাস পান।

ভারতে আটকে থাকার কারণে পাসপোর্ট নবায়ন করতে না পারায় তিনি আসাম রাজ্য সরকারের কাছে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন এবং গত বছরের ৬ আগস্ট অনুমোদন পাওয়ার পর ১১ আগস্ট তিনি বাংলাদেশে ফেরেন।

সালাহউদ্দিন আহমদের অভিযোগ, ২০১৫ সালের অপহরণ এবং দীর্ঘ অনুপস্থিতির পেছনে তৎকালীন ক্ষমতাসীন সরকারের সর্বোচ্চপর্যায় জড়িত ছিল। তিনি আন্তর্জাতিক বিচার চাইছেন বলে জানান।

মন্তব্য করুন