আজ চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সফরকালে তিনি লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস। এটি তার শান্তি, সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে।

এছাড়া সফরের অংশ হিসেবে তার যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

ড. ইউনূস যুক্তরাজ্যের প্রভাবশালী নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস-এ আয়োজিত এক সংলাপেও অংশ নেবেন, যেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।

সফর শেষে আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।