ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ইউনূস-মোদি’র

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুই নেতার শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে ত্যাগ, উদারতা ও ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ থাকার বার্তা।

রোববার (৮ জুন) অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানানো হয়, গত ৬ জুন অধ্যাপক ইউনূস এক চিঠির মাধ্যমে মোদিকে ঈদের শুভেচ্ছা জানান। চিঠিতে তিনি লেখেন:

“ঈদুল আজহা হচ্ছে এমন একটি সময়, যা মানুষকে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় এবং বৃহত্তর মানবিকতার জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।”

অধ্যাপক ইউনূস আরও বলেন, “পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার এই চেতনা আমাদের দুই জাতিকে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি আত্মবিশ্বাসী।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে ৪ জুন এক বার্তায় বাংলাদেশের জনগণ ও অধ্যাপক ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি লেখেন:

“এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত জরুরি।”

শুভেচ্ছা বার্তায় মোদি অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কামনা করেন। ইউনূসও তার জবাবি বার্তায় মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভারতের জনগণের জন্য একই শুভকামনা জানান।