জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন। রোববার (৮ জুন) বিকালে পানি প্রবল স্রোতে তীরভাঙনের কারণে বিদ্যালয় ভবনটি ধ্বংস হয়ে যায়।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারি বৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোত সৃষ্টি হয়। এরপর নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়, যা প্রথমে বিদ্যালয় ভবনের একাংশ এবং পরে পুরো ভবনকে নদীগর্ভে তলিয়ে নিয়ে যায়।
বাচামাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, ভবনের কিছু আসবাবপত্র উদ্ধার করা গেলেও আলমিরাসহ বেশ কিছু ভারি জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, ‘ভাঙনের খবর পেয়ে শুক্রবার স্থানীয় প্রকৌশলীকে পরিদর্শনে পাঠানো হয়। ছুটির কারণে তাত্ক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়নি। এরপর শনিবার বিকেলে তীব্র স্রোতের কারণে পুরো ভবন নদী গর্ভে বিলীন হয়ে যায়।’











