লন্ডনে কিং চার্লসের হাত থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন অধ্যাপক ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্রিটেনের লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লস তৃতীয়ের হাত থেকে ‘হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়েছে অধ্যাপক ইউনূসের “মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং একটি টেকসই ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গঠনে অসামান্য অবদানের” স্বীকৃতিস্বরূপ।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, “এটি একটি চমৎকার সম্মান,” এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রাজা চার্লসের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, “এই পুরস্কার আমাদের কাজের মূল্যায়ন এবং সেই মূল্যবোধের প্রতিফলন, যা রাজাও ধারণ করেন।” তাঁর মতে, এটি তরুণদের উদ্বুদ্ধ করবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে।

হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে রাজা চার্লস বাকিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে একান্ত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানান। প্রায় ৩০ মিনিটব্যাপী এই বৈঠকে তাঁরা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পুরস্কার প্রদানের মুহূর্তসহ অনুষ্ঠানের বিভিন্ন ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে দেশ-বিদেশে প্রশংসার জোয়ার বইছে।