ইউনূস ও তারেক বৈঠক: নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনায় অগ্রগতি, আসছে যৌথ ঘোষণাপত্র

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রতীক্ষিত একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন ও প্রশাসনিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার সমাধানে সম্ভাব্য ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিতে তারেক রহমান হোটেলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকটি ছিল ‘একান্ত, ফলপ্রসূ এবং বন্ধুত্বপূর্ণ’। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে দুটি বই ও একটি কলম উপহার দেন। আলোচনায় দুই পক্ষই অমীমাংসিত ইস্যুগুলো সমঝোতার মাধ্যমে সমাধানে সম্মত হন।

বৈঠক শেষে বিকেল ৪টায় এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন সরকারের পক্ষ থেকে শফিকুল আলম ও খলিলুর রহমান এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জানানো হয়, বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যেই একটি যৌথ ঘোষণাপত্র আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন ঘটে। সেই থেকেই নির্বাচনকালীন সরকারের কাঠামো, সময় নির্ধারণ ও প্রশাসনিক সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের বৈঠক শুধু কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার সম্ভাব্য ভিত্তি তৈরি করতে পারে।