নিজস্ব প্রতিবেদক:
চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস-কে জানান, অধ্যাপক ইউনূস এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
যুক্তরাজ্যে সফরকালে অধ্যাপক ইউনূস একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন।
এই সফরে অধ্যাপক ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননায় ভূষিত করা হয়, যা তাঁকে মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এছাড়াও তিনি হাউস অব কমন্সের স্পীকারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।










