জেলা প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগতির বাসের ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা আমবোঝাই একটি বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কা লেগে বাসটি সামনে থাকা একটি বালুবাহী ট্রাক এবং একটি পিকআপ ভ্যানের ওপর উঠে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, রাত ৩টার কিছু পর দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ছয়জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে—তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী; ও আমিনুল ইসলাম (৩৫)। পাঁচজন নিহতের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, আমবোঝাই ট্রাকটি আগেই বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। তার পেছনে ছিল আরেকটি বালুবাহী ট্রাক। দ্রুতগতির বাসটি এসে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পরবর্তী দুটি যানবাহনের ওপর উঠে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।











