নিজস্ব প্রতিবেদক:
গত রাতে রাজধানীর সচিবালয়ে ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা পরে সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে, রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন, এবং সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নিভিয়ে ফেলা হয় বেলা পৌনে ১১টার দিকে।
তিনি আরো জানান, ছয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়নি, এবং কীভাবে আগুন লাগলো তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। যদি কিছু পাওয়া যায়, তা সাংবাদিকদের জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
অপরদিকে, আগুনের কারণে সচিবালয়ের কর্মীরা সকাল ৯টার দিকে ভিড় জমালে প্রথমে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে পরিচয়পত্র দেখে কিছু কর্মচারীকে ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে ছয়টি মন্ত্রণালয় ও বেশ কয়েকটি বিভাগ কাজ করে, যার মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে।
অগ্নিকাণ্ডের পর সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন যে, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।











