আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপটি গভীর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলা যেমন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভারী বর্ষণের এ প্রবণতা আগামী ২২ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গেছে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আজ ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১১১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বান্দরবান সবচেয়ে ঠাণ্ডা, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সিলেটে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ গরম অনুভূত হয়েছে।