নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন একাধিক দিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। রোববার (২২ জুন) দিনব্যাপী নগর ভবনের প্রধান প্রবেশপথগুলোতে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তারা একটি মঞ্চ গড়ে বিভিন্ন স্লোগান দেন।
২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করলেও বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে মামলা করেন। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।
তবে আইনি জটিলতার অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠান থেকে বিরত থাকে। পরে হাইকোর্ট রিট আবেদন খারিজ করলেও ইশরাক এখনো শপথ নেননি। শপথ না নেওয়ায় ক্ষুব্ধ তার সমর্থকরা ১৫ মে থেকে নগর ভবনের ফটক তালাবদ্ধ করে রেখেছেন। এর ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ নাগরিক সেবা প্রায় বন্ধ হয়ে গেছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েছে এবং সেবা চালুর জন্য দ্রুত সমাধান দাবি করছেন।











