বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বাড়তি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল-ইরান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিভিন্ন সময় বাধা সৃষ্টি হচ্ছে এবং ভ্রমণব্যবস্থাও ব্যাহত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য বিক্ষোভ বা সহিংসতা দেখা দিতে পারে।

এই কারণে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং তাদেরকে যেকোনো ভ্রমণের আগে যথাযথ তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের বর্তমান পরিস্থিতি, পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা এবং নিরাপত্তা সতর্কতাগুলো খতিয়ে দেখা উচিত।

এই সতর্কতা মূলত সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে জিওপলিটিকাল অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, যার প্রভাব পড়ছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর।