ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশবাজার এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলার উল্টে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার খুষ্ঠি পোস্ট অফিসপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৫০) ও তার নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা রুবাইয়া খাতুন (১৫)।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই ওইদিন সকালে আশরাফুল তার মেয়েকে থ্রি-হুইলারে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে খোশবাজার মাদরাসার কাছে পৌঁছালে একটি দ্রুতগতির কোচ পেছন থেকে তাদের থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় থ্রি-হুইলারটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক আশরাফুল। গুরুতর আহত রুবাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহত রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাবা আশরাফুল পেশায় একজন থ্রি-হুইলার চালক ছিলেন এবং প্রতিদিন নিজেই মেয়েকে স্কুলে পৌঁছে দিতেন।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।