এস আলমের বিদেশে সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত
নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১০ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যারা এস আলম গ্রুপকে অবৈধভাবে ঋণ প্রদানে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব আবেদনের শুনানি করেন। শুনানি শেষে বিচারক আবেদনগুলো মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্ত্রীর নামে ব্রিটিশ রাজতন্ত্রের অধীনস্থ জার্সি দ্বীপে ছয়টি ট্রাস্ট রয়েছে। এর মধ্যে অন্যতম ‘ম্যাপল ট্রাস্ট’-এ মালয়েশিয়ার রেনেসাঁ হোটেল এবং ফোর পয়েন্টস বাই শেরাটনে প্রায় ২১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। এই ট্রাস্টগুলো জার্সি-ভিত্তিক একটি ট্রাস্ট কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।
এছাড়া সাইপ্রাসে সাইফুল আলমের নামে থাকা একটি দোতলা আবাসিক ভবন এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে দম্পতির নামে থাকা ১৮টি কোম্পানির শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে, ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা এস আলম গ্রুপকে বেআইনিভাবে ঋণ প্রদান ও সুবিধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এই আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে দুদক।
