কুষ্টিয়ায় সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্য আটক
জেলা প্রতিনিধি :
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা বাজারসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও অপরাধী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে তিনতলা ভবনটিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা এবং ফেনসিডিল জব্দ করা হয়। অভিযানের সময় ভবনটি থেকে অপহরণ ও নির্যাতনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভবনটি দীর্ঘদিন ধরে অপরাধের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তারা জানিয়েছে, সেখানে অপহৃতদের আটকে রেখে নির্যাতন চালানো হতো এবং মুক্তিপণ আদায় করা হতো। তারা ভবনটিকে ‘টর্চার সেল’ হিসেবেও অভিহিত করেছেন।
আটককৃতরা হলেন: কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার ইমরান খান মানিক, বড় আইলচারা এলাকার রনি, মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ গ্রামের সজীব এবং চিথলিয়া গ্রামের রাব্বি ও শাকিল।
স্থানীয়দের দাবি, চক্রটি মানিকের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছিল।
অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই বাইরে এসে যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত একাধিক মামলার প্রস্তুতি চলছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”
