আলোড়ণ সৃষ্টিকারী স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশি তাহমিদ

অনলাইন ডেস্ক:

বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে দাপুটে অভিষেক করেছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস। মাত্র ১৯ বছর বয়সী এই ক্রিকেটার ৬৫ বলে ৬০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে সবার নজর কেড়েছেন। বিশেষ করে ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহের মতো বোলারদের বিপক্ষে তাঁর উদ্ভাবনী শট এবং আত্মবিশ্বাসী ব্যাটিং ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

কিন্তু জানেন কি, এই তরুণ প্রতিভার পিছনে রয়েছেন একজন বাংলাদেশি কোচ? কনস্টাসের ব্যক্তিগত ব্যাটিং কোচ হলেন বাংলাদেশের সাবেক প্রথম-শ্রেণির ক্রিকেটার তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ার দ্য এইজ পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কনস্টাসের শৈশব থেকেই তার ক্রিকেট দক্ষতা গড়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন তাহমিদ। সিডনির ক্র্যানব্রুক স্কুলে তাহমিদের অধীনে ক্রিকেটে হাতেখড়ি কনস্টাসের। ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করতে আবারও তাহমিদের শরণাপন্ন হন তিনি।

তাহমিদ বলেন,

“আমরা স্যামের খেলা আরও নিখুঁত করতে কঠোর পরিশ্রম করেছি। তার টেকনিক এবং শট নির্বাচন নিয়ে বিশদভাবে কাজ করেছি। পাশাপাশি তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলকে শাণিত করতে এবং মানসিক দৃঢ়তা বাড়াতে আমরা আলাদাভাবে অনুশীলন করেছি।”

অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট তারকা শেন ওয়াটসনও কনস্টাসের মানসিক দৃঢ়তা বাড়ানোর কাজে সাহায্য করেছেন। তবে বড় প্রতিযোগিতার আগে তাহমিদের দিকনির্দেশনাই বেশি কাজে লেগেছে কনস্টাসের।

অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং সহকারী কোচ মাইকেল ডি ভেনুটোর সঙ্গে অনুশীলনের সুযোগ না থাকায় কনস্টাস তার ব্যক্তিগত কোচ তাহমিদকে বক্সিং ডে টেস্টে রাখার অনুমতি চেয়েছিলেন, যা অনুমোদিত হয়।

মাত্র কয়েক বছর আগেও স্যাম কনস্টাস তার ভাইয়ের সঙ্গে বাড়ির পেছনে ক্রিকেট খেলতেন। আজ সেই তরুণ তার অসাধারণ ব্যাটিং দিয়ে ভারতীয় বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তাহমিদের মতো একজন নিবেদিতপ্রাণ কোচ এবং শেন ওয়াটসনের মেন্টরশিপ কনস্টাসকে তৈরি করেছে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে।

একজন বাংলাদেশি কোচের ছোঁয়ায় এমন প্রতিভার বিকাশ অবশ্যই গর্বের বিষয়। তাহমিদের কাজ শুধু কনস্টাসের ব্যাটিং স্কিল উন্নত করাতেই সীমাবদ্ধ ছিল না; তিনি কনস্টাসের ভেতরের সাহসিকতা এবং স্থিরতা আনতেও সমান মনোযোগ দিয়েছেন।

স্যাম কনস্টাসের এই যাত্রা শুরুটা তার দীর্ঘ এবং উজ্জ্বল ক্যারিয়ারের ইঙ্গিত দিচ্ছে, আর এতে বাংলাদেশের কোচ তাহমিদের অবদান অস্ট্রেলিয়া ক্রিকেটেও স্মরণীয় হয়ে থাকবে।