নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী আমিত (২৩), তার আত্মীয় নাইমুল হক (৩২), যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, এবং জাবেদ আলম খান (৫৫)।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ওই সময়ে তিনজনই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে আসা একটি পাথরবোঝাই দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পুলিশ জানিয়েছে, নিহতরা কাছাকাছি একটি হাসপাতালে একজন রোগী দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক রাকিবুল ইসলাম (৪২) কে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











