ফেনীতে মৌসুমি রেকর্ড বৃষ্টিপাতে শহরজুড়ে জলাবদ্ধতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন – চরম দুর্ভোগে নগরবাসী

জেলা প্রতিনিধি :

ফেনীতে গতকাল সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এই টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে ডুবে যায়, ফলে শহরজুড়ে সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা ও দুর্ভোগ।

জলাবদ্ধতার কারণে শহরের অধিকাংশ নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে ঘরবাড়ি ও দোকানে। শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়ক, রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড এবং পেট্রো বাংলা এলাকায় সড়ক ও দোকানে পানি উঠে গেছে। যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে পড়ায় অনেক গাড়ি বিকল হয়ে সড়কে আটকে থাকে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন এলাকা। কোমর পানি মাড়িয়ে কেউ কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেও বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানিয়েছেন, আগামী ২-৩ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টির ফলে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে পড়ে এবং নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, “মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উজানে ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”