দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস , তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ, এবং আজ সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া, দেশের কিছু অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিশেষ করে, আগামীকাল শনিবার রংপুর ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই দুই বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।