অনলাইন ডেস্ক:
গত বুধবার (২০ ডিসেম্বর) টলিউড অভিনেতা দেব তার জন্মদিন উদযাপন করেছেন। এদিনে বক্স অফিসে তার সাম্প্রতিক সিনেমা ‘খাদান’-এর সাফল্য ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন তিনি। তবে বিশেষ আকর্ষণ ছিল টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের তরফ থেকে শুভেচ্ছাবার্তা, যা দেবের জন্মদিনের একদিন পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
রুক্মিণী তাদের একসাথে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন:‘শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, মানুষের জন্য ভাল কাজ করো। তাহলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালবাসা এবং শুভেচ্ছা।’
রুক্মিণীর এই বার্তা তাদের সম্পর্কের গভীরতা ও সৌহার্দ্যের ইঙ্গিত বহন করে। দেবের জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের অনেক প্রিয়মুখ এবং দেবের ঘনিষ্ঠ বন্ধুরা। রাতেই কেক কাটা ও উদযাপনের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
সম্প্রতি দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন ছড়িয়েছে। দেব এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেছিলেন। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, রুক্মিণী নাকি দেবকে আর অনুসরণ করছেন না।
তবে এই বিষয়ে দু’জনেই সরাসরি কোনো মন্তব্য করেননি। বর্তমানে রুক্মিণী ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তার পরবর্তী সিনেমা ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ মুক্তি পাবে জানুয়ারি মাসে। অন্যদিকে, দেব তার নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। দু’জনের সম্পর্ক ও পেশাগত সাফল্য নিয়ে ভক্তরা বেশ উৎসাহী।











