সারা দেশে চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ (রবিবার) থেকেই সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু করা হয়েছে। রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন।”

মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, “অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে কাজ শুরু হয়েছে। খুলনার একটি হত্যাকাণ্ডে জড়িত একজনকেও ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকার বিশ্বাস করে—অপরাধী, সে যেই দলেরই হোক না কেন, অপরাধীই। রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।”

নির্বাচন নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে ডিসেম্বরের মধ্যেই নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার আশা করছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”