মাগুরায় বাসের ধাক্কায় ভ্যানচালক ও গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি :

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাগর হোসেন (৩০) নামে এক ভ্যানচালক ও রেশমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

রবিবার দুপুরে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ভ্যানচালক সাগর হোসেন সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে। গৃহবধূ রেশমা খাতুন রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। আরেক নিহত ব্যক্তির পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন—তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) এবং সামিহা (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে মাগুরার আলমখালী বাজার থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান হাটগোপালপুর বাজারের উদ্দেশে রওনা দেয়। রামনগর এলাকার ঢালব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক সাগর হোসেন ঘটনাস্থলেই মারা যান।

ধাক্কা দেয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ ধারণা করছে, মহাসড়কের একটি গর্ত এড়িয়ে চলতে গিয়ে ভ্যানটি রাস্তার মাঝখানে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি রামনগরে পৌঁছে বিপরীতমুখী ভ্যানকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাগুরা থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।